বাড়তি ওজনের জন্য পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার আজম খান বহুদিন ধরেই ট্রলের শিকার হয়ে আসছেন। ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক মঞ্চে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। বিশেষজ্ঞরা এর পেছনে তার ওজনকেই দায়ী করেছেন। তাই লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন আজম।
পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজম স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে আমি লাহোরে আছি এবং এনসিএ-তে আমার ফিটনেস ও খেলার ওপর কাজ করার চেষ্টা করছি। আমার ওজন কমতে কয়েকদিন বা কয়েক সপ্তাহে হবে না—এর জন্য সময় প্রয়োজন। গত চার-পাঁচ বছর ধরে আমি প্রচুর ক্রিকেট খেলেছি। প্রচুর ম্যাচ ছিল তাই ফিটনেসের ওপর ঠিকভাবে মনোযোগ দেওয়ার সুযোগ পাইনি।’
২৭ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ৮৮ রান, গড় ৮.৮০, সর্বোচ্চ ৩০! আজম স্বীকার করেছেন, অতীতে খারাপ খাদ্যাভ্যাস তার ফিটনেস সমস্যার একটি বড় কারণ ছিল, ‘আমার কিছু খারাপ খাদ্যাভ্যাস ছিল, কিন্তু এখন আর সেটা কোনো অজুহাত নয়।’
চারদিক থেকে সমালোচনা ভেসে এলেও জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি আজম খান। এই লক্ষ্যেই তিনি নিজেকে প্রস্তুত করছেন, ‘পরিকল্পনা হলো সর্বোচ্চ পর্যায়ে খেলা। এর জন্য আপনাকে সেরা হতে অনুশীলন করতে হবে। অনেক খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে কিন্তু পরে হারিয়ে গেছে। আমি যদি টিকে থাকতে চাই, তবে আমাকে এখনকার চেয়েও দ্বিগুণ পরিশ্রম করতে হবে।’
ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক
চ্যাম্পিয়নস লিগের ড্র কখন? কীভাবে দেখবেন?
বাটলারের সেরা পাঁচ উইকেটকিপারের চার নম্বরে ধোনি!