ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে তার রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ আছে, ভিপি প্রার্থী জালাল আহমদ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী মো. রবিউল হক (২৫) একই হলে থাকতেন। সিনিয়র হওয়ায় জালাল নিয়মিত রবিউলকে হয়রানি করতেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে ঘুমন্ত রবিউলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জালাল। একপর্যায়ে তিনি চেয়ার দিয়ে রবিউলের মাথায় আঘাত করার চেষ্টা করেন। রবিউল হাত দিয়ে বাধা দিলেও তার কপালে আঘাত লাগে। পরে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করলে রবিউলের বুক ও হাতে কাটা জখম হয়।

রবিউলের চিৎকার শুনে আশপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর জালাল আহমদকে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা স্বীকার করেছেন। তদন্ত কর্মকর্তার বক্তব্য, আসামিকে জামিনে মুক্তি দিলে পলাতক হওয়ার শঙ্কা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত