চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে ছাত্রশিবিরের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে চবি ছাত্রদল।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলউদ্দিন মহসীন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবির অপপ্রচার চালিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। তাদের ভাষ্য ছাত্রদল নাকি চাকসু চায় না কিংবা চাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, ডাহা মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার।
এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিকে আজ ছাত্রশিবির অপপ্রচার চালিয়ে বিকৃতভাবে উপস্থাপন করছে। বাস্তবে ছাত্রশিবিরই নির্বাচনের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। এ ধরনের মিথ্যা অভিযোগের মাধ্যমে তারা ছাত্রসমাজকে বিভ্রান্ত করতে চাইছে। প্রক্টর ও রেজিস্ট্রারের পক্ষ নিয়ে সাফাই গাওয়া প্রমাণ করে যে নির্বাচন নিয়ে তাদের দুরভিসন্ধিমূলক পরিকল্পনা রয়েছে।
চবি ছাত্রদল চাকসুর নির্বাচন চায়, তবে সেটা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশে হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
