জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের পরিবর্তে তাদের দাবিগুলো প্রস্তাব আকারে সরকারের কাছে পেশ করার পরামর্শ দিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, বিভিন্ন দাবিতে বুয়েট শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেটি পরিহার করে তাদের দাবিগুলো প্রস্তাব আকারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পেশ করতে হবে। এ বিষয়ে প্রস্তাব আসলে জনপ্রশাসন, সরকারি কর্ম কমিশন ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে সহজেই সমাধান সম্ভব হবে।
এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু করে। বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে তারা অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলের শিক্ষার্থীরা লংমার্চ করে এতে যোগ দেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন।
মঙ্গলবার রাতে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ এক ঘোষণায় এ কর্মসূচির বিস্তারিত জানান। দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
ওয়ালী উল্লাহ বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলে আসছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।
প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তাঁরা।
