নানা চেষ্টার পরও সংকট কাটিয়ে ঠিক পথে ফিরতে পারছে না পাকিস্তানের ক্রিকেট। সুদিন ফেরাতে সংকটে বৈঠকে বসেছিলো দেশটির ক্রিকেট বোর্ডের বোর্ড অব গভর্নরস (বিওজি)। সেই বৈঠকে পাকিস্তান ক্রিকেটের অগ্রগতির পথে বাধাগুলো খুঁজে বের করা হয়েছে। লাহোরে বিওজির কয়েক ঘণ্টার বৈঠকে পিসিবির অস্থিরতা, খেলোয়াড়, বার বার কোচ পরিবর্তন, দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ সংখ্যা কমানো এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যাগুলোকে এ অবনতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পাকিস্তানের ক্রিকেটে গত দুই বছরে কোচ পরিবর্তন হয়েছে ৮ দফায়। তিন সংস্করণ মিলিয়ে দলের নেতৃত্বেও পরিবর্তন এসেছে ৮ বার। গত তিন বছরে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে বসে চার ভিন্ন ব্যক্তি। আর সবচেয়ে বেশি রদবদল হয়েছে নির্বাচক প্যানেলে। এই ‘চেয়ার বদল খেলা’কেও অবনতির পথে কারণ হিসেবে চিহ্ণিত করেছে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন ১২ সদস্যের বোর্ড অব গভর্নরস।
বৈঠকে দ্রুত দেশটির ক্রিকেট অ্যাকাডেমিগুলো আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই (২০২৭ সাল থেকে) ঐতিহ্যবাহী হোম-অ্যাওয়ে সিরিজে (তিন টেস্ট, তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি) ফেরার পরিকল্পনা রয়েছে। এছাড়া পিসিবির হাই পারফরম্যানস সেন্টার বিওজিকে পরামর্শ দিয়েছে, দীর্ঘ মেয়াদে অধিনায়ক, কোচ ও নির্বাচক নিয়োগ দিতে, যাতে বারবার পরিবর্তনের কারণে দলের পরিকল্পনা ও প্রস্তুতিতে অস্থিরতা তৈরি না হয়। পরিকল্পনামাফিক এগোলে এক বছরের মধ্যেই ইতিবাচক ফল মিলবে বলে আশা করছে বিওজি।
বাবর-রিজওয়ান এখনকার টি-টোয়েন্টির জন্য এখন উপযুক্ত নন: মিকি আর্থার
স্টাইলিশ প্রত্যাবর্তন ওসাকার- ফ্যাশন আর খেলায় ছড়ালেন আলো