প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন

ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন কাল

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ বিষয়ে আগামীকাল তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে মিছিল নিয়ে এগোতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আকস্মিক অভিযানে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে সরে যান।

এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। শিক্ষার্থীরা শ্লোগান দেন—‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও।’

প্রকৌশল শিক্ষার্থীরা তিন দফা দাবি জানাচ্ছেন। এগুলো হলো—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার বন্ধ করা, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডে চাকরির ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত