দুমকিতে গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫০ এএম

পটুয়াখালীর দুমকিতে চাঁদা না দেওয়ায় এক ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মারধরে অভিযোগ উঠেছে গণঅধিকারের নেতার বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে কাজ করছিলেন। এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের নেতা মুন্না জহিরের নেতৃত্বে ৭/৮ যুবক ওই কক্ষে ঢুকে হাফিজুর রহমান ফোরকানের ওপর চড়াও হয় এবং মারধর করতে থাকে। এসময় অফিসের কর্মকর্তা-কর্মচারিরা জড়ো হলে হামলাকারীরা সটকে পড়ে।

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের অভিযোগ, গণঅধিকারেরে নেতা মোনায়েম মুন্না বেশ কয়েকদিন তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে বলে জানান তিনি।  

অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজ নিয়ে তর্কবিতর্ক হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত