২ সপ্তাহের বিচারিক রিমান্ডে ইমরান খানের ভাগ্নে

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৩:১৭ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ভাগ্নে শের শাহকে দুই সপ্তাহের বিচারিক রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল (এটিসি)। তিনি ইমরান খানের বোন আলীমা খানের ছেলে।

জিও নিউজ জানিয়েছে, শেরশাহকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পুলিশ দাবি করে, একটি ভিডিওতে দেখা যায় ২০২৩ সালের মে ৯ দাঙ্গার সময় তিনি ইমরানের আরেক ভাগ্নে হাসান নিয়াজির সঙ্গে দাঁড়িয়ে আছেন। তবে শের শাহর আইনজীবী যুক্তি দেন, ভিডিওতে থাকলেই অপরাধ প্রমাণ হয় না। শুনানি শেষে এটিসি বিচারক শের শাহর ১৪ দিনের বিচারিক রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ আগস্ট শের শাহকে গ্রেফতার করা হয়। তার এক দিন আগে জিন্নাহ হাউজ হামলা মামলায় ইমরানের আরেক ভাগ্নে শাহরেজ খানকে আটক করা হয়েছিল।

২০২৩ সালের ৯ মে দুর্নীতি মামলায় ইমরান খান গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সেনা ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়, যার মধ্যে লাহোরের জিন্নাহ হাউজের ঘটনা সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি। শের শাহ ও শাহরেজের বিরুদ্ধে অভিযোগ, তারা রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোসহ মে ৯-এর সহিংসতায় অংশ নিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত