কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে বিভিন্ন চক্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর এবার এই প্রতারক চক্রের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত প্রতারণামূলক কর্মকা-ের তথ্য পেয়েছে। প্রতারকচক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে (হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম) বিনিয়োগকারীদের লোভনীয় বার্তা পাঠিয়ে থাকে। এ ক্ষেত্রে বিনিয়োগের পর প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা হয়। পরবর্তী সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করা হয়ে থাকে।
এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষার জন্য সাধারণ বিনিয়োগকারীদের কয়েকটি বিষয়ে সতর্কবার্তা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বিএসইসি। সেগুলো হলো প্রথমত, প্রলোভনমূলক বিনিয়োগ প্রস্তাব থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। দ্বিতীয়ত, সিকিউরিটিজ বা শেয়ার ক্রয়-বিক্রয়সংক্রান্ত লেনদেন বিনিয়োগকারীর নিজ নামে পরিচালিত বিও হিসেবে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া আবশ্যক। বিনিয়োগকারীর নিজ স্বার্থেই এ বিষয়গুলোয় বিনিয়োগকারীদের বিশেষভাবে সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হলো। তৃতীয়ত, প্রতারক চক্রের বিষয়ে যেকোনো অনিয়মের বিষয়ে তথ্য পাওয়া গেলে তা কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অবহিত করা।
