রাজধানীর যানজট নিরসনে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রাফিক সিগনাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে আজ। শনিবার (৩০ আগস্ট) শুরুতেই ঢাকার দুই সিটি করপোরেশনের সাতটি ইন্টারসেকশনে চালু হবে এ কার্যক্রম। দুই সপ্তাহ এ ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, পরীক্ষামূলক পাইলটিংয়ের লক্ষ্য হলো সচেতনতা বৃদ্ধি। এ জন্য আনুষ্ঠানিকভাবে চালুর আগে সচেতনতা, সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় নেবে পরীক্ষামূলক এই প্রকল্প।
ডিএমপি ট্রাফিক অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার জানান, এ ব্যবস্থায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা।
জানা গেছে, ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত অটোমেটিক ট্রাফিক সিস্টেম স্থাপনে তিনবার আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যার মধ্যে ছিল সোলার প্যানেল, রিমোট কন্ট্রোল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মত সর্বাধুনিক পদ্ধতি। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মের কারণে প্রকল্পটি আলোর মুখ দেখেনি।
