বাংলাদেশ নতুন ইতিহাস লিখছে: ভারতীয় সাংবাদিকের মন্তব্য

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম

বাংলাদেশ এক নতুন ইতিহাসের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজান। 

তার মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে বাংলাদেশ যেভাবে অবস্থান নিয়েছে, তা দেশের অর্থনীতির রূপান্তরমুখী সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।

শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন তিনি। 

এসময় ভারদারাজান বলেন, “বাংলাদেশ তার ভবিষ্যৎ অর্থনীতিকে নতুনভাবে কল্পনা করছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আশা করি, তরুণ প্রজন্ম এ বিষয়ে সচেতন থাকবে।”

মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক মাজলি বিন মালিক মন্তব্য করেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সরকার সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন অংশীজনকে আলোচনায় অন্তর্ভুক্ত করছে—এটি অত্যন্ত ইতিবাচক দিক। এই সংস্কার শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপীও একটি পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠবে।”

সম্পাদক মাহফুজ আনাম বলেন, “মুক্তিযুদ্ধের পর থেকে আমরা বারবার স্বপ্ন দেখেছি, কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতায় তা ভেঙে গেছে। এবারের গণঅভ্যুত্থান আমাদের আবার নতুন স্বপ্ন দেখার প্রেরণা দিয়েছে।”

নেপালের সাবেক মন্ত্রী ড. দীপক গাওয়ালি জলবায়ু সংকটের প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের তরুণরা যে নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে যুক্ত হয়েছে, তাদের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকেও গুরুত্ব সহকারে নিতে হবে।”

দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত