ট্রাম্পের ভারত সফর বাতিল: দ্বিপাক্ষিক উত্তেজনার ইঙ্গিত

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:২৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ দিকে ভারত সফর করার পরিকল্পনা করেছিলেন, তবে এখন তা বাতিল করা হয়েছে। কোয়াড সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে এই সফরটি আয়োজিত হওয়ার কথা ছিল, জানায় নিউইয়র্ক টাইমস।

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের কারণে ট্রাম্প ভারত সফরে আসছেন না।

নিউইয়র্ক টাইমস জানায়, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর ট্রাম্প প্রশাসন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আয়োজন করেছিল এবং ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে বছরের শেষ দিকে তিনি কোয়াড সম্মেলনে অংশ নিতে ভারত আসবেন। তবে শরতের ভ্রমণসূচিতে ভারতের কোনো সফরের পরিকল্পনা আর নেই।

এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের শেষের দিকে ভারতে কোয়াডভুক্ত দেশগুলোর সম্মেলন হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাণিজ্য ইস্যু এবং পাকিস্তানকে কেন্দ্র করে ট্রাম্পের মন্তব্য ভারতের মোদির অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে ট্রাম্প যে ভূমিকা নিয়েছিলেন বলে দাবি করেছিলেন, তা ভারতের সরকার প্রত্যাখ্যান করেছে।

জুনে কানাডায় জি-৭ সম্মেলনে মোদি ও ট্রাম্পের বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্প আগেভাগে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে ১৭ জুন দুই নেতার মধ্যে ৩৫ মিনিটের টেলিফোন আলাপ হয়। 

ট্রাম্প আবারও দাবি করেন, ভারতের যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তার অবদান ছিল এবং পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে যাচ্ছে। তবে মোদি স্পষ্ট করেন, দুই দেশের পারস্পরিক আলোচনায় যুদ্ধবিরতি হয়েছিল, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই।

বিশ্লেষকদের মতে, এ টানাপোড়েন এবং অন্যান্য বাণিজ্য-সম্পর্কিত বিষয় মিলিয়ে ট্রাম্পের ভারত সফর বাতিলের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত