সংস্কারের জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে: হাসনাত

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:২৩ পিএম

সংস্কারের জন্য আমাদের সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। 

তিনি বলেন, নুর ভাইয়ের ওপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা ম্যাসেজ। তারেক জিয়াকেও মেরে মাজা ভেঙে দেয়া হয়েছিল,  উনাকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।  

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ বৈঠকে এনসিপির নেতা  কথাগুলো বলেন। 

তিনি বলেন, আমাদের এখন বলা হয় নির্বাচনবিরোধী। কিন্তু আমরা নির্বাচনসহ আরও দুইটি বিষয়ের জন্য কথা বলছি।আমাদের নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে। 

হাসনাত বলেন, পুলিশ আমাদেরকে বিনা বিচারে, বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না- এটার ফয়সালা কী হয়েছে? নেওয়ার পরে আমাদের পরিবারকে জানাবে-এটার ফয়সালা কি হয়েছে? হয়নি তো! এ জন্য সংস্কারের প্রয়োজন।

বৈঠকে আরও বক্তব্য রাখেন-এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ ও বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত