‘প্লাস্টিক ব্যাগ পেলে ছাড় নেই’ হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম

পলিথিন ও প্লাস্টিক ব্যাগ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। আর কোনো ছাড় নেই, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

এছাড়া পাটের ব্যাগের ব্যবহার বাড়ানো কথা উল্লেখ করে অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীজুড়ে ৬০টি টিসিবির ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ ছড়িয়ে দেওয়ার হবে। কাঁচাবাজারগুলোতে বিক্রেতা ও ক্রেতা ভর্তুকি মূল্যের এ সব ব্যাগ সংগ্রহ করতে পারবে। মান ও আকারভেদে এসব ব্যাগ কিনতে গুনতে হবে ২০ থেকে  ৮০ টাকা। শিগগিরই দেশজুড়ে এর পরিসর বাড়ানো হবে।

সরকারি সহায়তা পেলে পাটপণ্যের বাজার যেমন বাড়বে একই সঙ্গে কর্মসংস্থান বাড়বে বলে আশা করেন উৎপাদকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত