ওয়াইড বলে আউট শেই হোপ! সিপিএলে বিস্ময়কর ঘটনা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পিএম

ওয়াইড বলে আউট হওয়ার অদ্ভুত ঘটনা দেখা গেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। আউট হয়েছেন তারকা ব্যাটার শেই হোপ। অফ স্টাম্পের অনেক বাইরে ওয়াইড লাইন থেকেও বেশ দূরে বল করেছিলেন টেরেন্স হাইন্ডস। উইকেট পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলেও শেই হোপ বিস্ময়করভাবে আউট হয়ে যান। বলতে গেলে হাইন্ডসকে তিনি উইকেট উপহার দিয়েছেন।

আজ রবিবার ভোরে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ম্যাচের প্রথম ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। ২৯ বলে ৩৯ রানে খেলছিলেন গায়ানার উইকেটকিপার-ব্যাটারশেই হোপ। ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের অনেক বাইরে স্লোয়ার শর্ট ডেলিভারি করেন হাইন্ডস। ওয়াইড লাইন পেরিয়ে আরও দূর দিয়ে চলে যাচ্ছিল বল।

খুবই বাজে এই ডেলিভারিতে আগে থেকেই রিভার্স র‍্যাম্প খেলার কথা ঠিক করে ফেলেছিলেন হোপ। তাতেই ঘটল বিপত্তি। এত দূর দিয়ে যাওয়া বল ব্যাটের নাগালে পাননি অভিজ্ঞ ব্যাটার। সেইসঙ্গে ব্যাট পুরোপুরি ঘুরিয়ে ফেলায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারান। ব্যাট গিয়ে লাগে স্টাম্পে- হিট উইকেট! স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭০ জন হিট উইকেট হয়েছেন। কিন্তু ওয়াইড বলে হিট উইকেট রীতিমতো বিরল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত