‘আজ কোনো কাজ রাখিনি’

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম

দেশীয় শোবিজের প্রিয় মুখ নাদিয়া আহমেদ। লাস্যময়ী চেহারা, মিষ্টি হাসি আর নিপুণ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন দীর্ঘ ২৫ বছর ধরে। পাশাপাশি মডেলিং এবং নাচেও বেশ সুনাম কুড়াচ্ছেন তিনি। তবে সবসময়ই নিজেকে একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নন্দিত এই তারকার আজ জন্মদিন। বিশেষ দিনের পরিকল্পনা, অভিনয়ের রজতজয়ন্তী ও চলমান ব্যস্ততা নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে সঙ্গে কথা বলেছেন তিনি- 

এবারের জন্মদিনের পরিকল্পনা কী?

নাদিয়া আহমেদ : সত্যি বলতে আহামরি কোনো পরিকল্পনা নেই। তবে দিনটি আমার জন্য স্পেশাল একটি তিন। একই দিনে আমার মায়েরও জন্মদিন। বিশেষ এই দিনটিতে কোনো কাজ রাখি না। মূলত পরিবারের সঙ্গেই কাটিয়ে দিই সময়টা। একান্ত ঘরোয়া পরিবেশেই দিনটা পালন করতে চাই।

  

অভিনয়ের রজতজয়ন্তীতে এসে কেমন লাগছে?

নাদিয়া আহমেদ : নিঃসন্দেহে এটা দারুণ একটা সফল সফর। অভিনয় জীবনের দীর্ঘদিনের এই পথচলায় দিনের পর দিন দেশে কিংবা দেশের বাইরে মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এটাই তো আসলে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি খুব সাধারণ একজন মানুষ। ভীষণ আনন্দ নিয়েই পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে জীবন উদযাপন করতে ভালোবাসি। আমি আমার শিক্ষকদের ভীষণ ভালোবাসি শ্রদ্ধা করি। কথা একটাই বিশেষভাবে বলতে চাই, জীবনে বড় হতে গেলে অধ্যবসায় এবং সততার বিকল্প নেই। 

এই লম্বা পথ পাড়ি দিতে কার অনুপ্রেরণা বেশি ছিল?  

নাদিয়া আহমেদ : আমার এত দূর আসা, এই যে সেলিব্রিটি হওয়া সবই সম্ভব হয়েছে মূলত আমার মায়ের জন্য। মানুষের যতটুকু ভালোবাসা অর্জন করেছি, দর্শকপ্রিয়তা পেয়েছি, তার সবকিছুর জন্য মায়ের অবদান রয়েছে। মায়ের জন্যই আজকের আমি। মা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। পাশাপাশি আমি আমার সব সহশিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকারসহ নাচের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি, সর্বোপরি দর্শকের প্রতি। কৃতজ্ঞ। কারণ সবার সহযোগিতায় ভালোবাসায় আমি আজকের নাদিয়া।  

সবাই এখন আপনাকে ধারাবাহিকের অভিনেত্রী কেন বলেন? 

নাদিয়া আহমেদ : আমি এটা বলতে পারব না। হয়তো ধারাবাহিক নাটকেই বেশি অভিনয় করি, এ জন্যই এমন বলে সবাই। কেন জানি আমার ধারাবাহিক নাটক বেশি করা হয়।  তা ছাড়া ধারাবাহিকের জন্য একক নাটকে খুব বেশি সময় দিতে পারি না। পরিচালকরাও হয়তো ধারাবাহিকের জন্য আমাকে বেশি ভালো মনে করেন। তবে একজন অভিনেত্রী হিসেবে একক নাটক, ধারাবাহিক ও টেলিফিল্মসহ সব মাধ্যমেই কাজ করতে চাই। 

সবাই ওটিটিতে কাজ করলেও আপনাকে দেখা যায় না কেন?

নাদিয়া আহমেদ : সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন এসেছে। বিনোদনের মাধ্যমেও বেশ রদ-বদল এসেছে। এই বিশ্বায়নের যুগে অনেকেই ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। ভালো ভালো কনটেন্টের ওয়েব সিরিজ এবং ওয়েবফিল্ম নির্মাণ হচ্ছে। যেগুলো দেশ-বিদেশে ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে। এই প্ল্যাটফর্মে আমারও কাজ করা আগ্রহ আছে। আমিও করেছি। তবে মনের মতো হলে নিয়মিত হব। 

চলচ্চিত্রেও তো আপনি অনুপস্থিত!

নাদিয়া আহমেদ : ওই যে বললাম একজন শিল্পী হিসেবে অভিনয়ের সব শাখায় কাজ করতে চাই। তবে আফসোস, অনেক প্রস্তাব পেলেও বিনোদনের এই মাধ্যমটিতে এখনো কাজ করা হলো না। এখনো প্রস্তাব পাচ্ছি। যদি কখনো ব্যাটে-বলে মিলে যায় তাহলে অভিনয় অবশ্যই করব। মূলত আমার পছন্দ অফ-ট্র্যাকের গল্পের সিনেমা। 

দেশের চলমান পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই।

নাদিয়া আহমেদ : দেশের সব মানুষেরই এই সরকারের কাছে প্রত্যাশা শান্তি-শৃঙ্খলাময় পরিবেশ। আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি। দেশ যেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত