নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ার জেরে মো. মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী মোসাম্মৎ শাহিনুর আক্তারকে যাবজ্জীবন ও পরকীয়া প্রেমিক মো. রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে আসামি রিপনের উপস্থিতিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো.আমিনুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামি শাহিনুর আক্তার পলাতক রয়েছেন বলে জানা গেছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর শাহিনুর আক্তার ও প্রেমিক মো.রিপন মিয়া মিলে দলিল লিখক মোশারফ হোসেনকে বালতির পানিতে চুবিয়ে ও গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনার পরদিন ২৫ সেপ্টেম্বর নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার এই রায় দেন আদালত।
