বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:০৪ পিএম

আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বাংলাদেশি ১টি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৩০ আগস্ট) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২ জেলেসহ ‘এফবি মায়ের দোয়া’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।

আইএসপিআর জানায়, ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’। এ সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে‘ সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধজাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা টানা দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছেন এবং খাদ্য ও পানির অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

এতে আরও বলা হয়, নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়। ট্রলারে থাকা ১২ জন জেলে বর্তমানে সুস্থ আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত