আর্সেনালের ৮৫৮ দিনের হার না মানার রেকর্ড ভাঙলেন সোবোস্লাই

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে অ্যানফিল্ডে জমজমাট লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইংলিশ ফুটবলের দুই দৈত্য—লিভারপুল ও আর্সেনাল। রবিবার হাঙ্গেরিয়ান তারকা ডমিনিক সোবোস্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিক গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় লিভারপুল। তাদের এই জয়ে বিগ সিক্স দলের বিপক্ষে আর্সেনালের টানা ৮৫৮ দিন অপরাজিত থাকার রেকর্ড ভাঙলো।

আর্সেনালের সর্বশেষ হারের স্মৃতি ২০২৩ সালের ২৬ এপ্রিলের। সেদিন তারা ম্যানচেস্টার সিটির মাঠে ৪-১ গোলে হেরে গিয়েছিল। এরপর থেকে আর কোনো বিগ সিক্স দলের কাছে প্রিমিয়ার লিগে হারেনি গানাররা। অবশেষে সেই রেকর্ডের অবসান ঘটাল আর্নে স্লটের শিষ্যরা।

গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল, আর রানার্সআপ ছিল আর্সেনাল। ফলে ম্যাচটির আলাদা গুরুত্ব ছিল। দুই দলই এর আগে টানা দুই ম্যাচ জিতেছিল। তবে এদিনের জয় লিভারপুলকে এককভাবে শীর্ষে তুলল—৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা এখনো অপরাজিত।

ম্যাচে অবশ্য গোলের মুহূর্ত কম ছিল। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে লিভারপুল একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৩৭ মিনিটে মাঠ কাঁপানো মুহূর্ত হাজির হয়। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া সোবোস্লাইয়ের ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে যায়, কোনো সুযোগই পাননি আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। এ এক নিখুঁত চোট, যা তিন পয়েন্ট এনে দেয় লিভারপুলকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত