নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সুদীপ্ত আরেং নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাদেশের অভ্যন্তরে শূন্য রেখা থেকে তাকে আটক করা হয়।
আটক সুদীপ্ত আরেং (৩৫) কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর কচুগড়া গ্রামের জাবি চিরিংয়ের ছেলে। তিনি ভারত ও বাংলাদেশ সীমান্ত দিয়ে বিভিন্ন নাগরিক পারাপার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান জানান, আটক যুবক অজ্ঞাত ছয় বাংলাদেশি নাগরিককে নিয়ে অবৈধভাবে ভারতে পাচার করছে। এমন সংবাদে কচুগড়া বিওপির টহল দল গিয়ে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৭৯/৭ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাকে আটক করে।
আটক সুদীপ্তকে আইনি প্রক্রিয়া শেষে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে। তবে যাদেরকে পারাপারের উদ্দ্যেশ্যে সুদীপ্ত আরেং সীমান্ত এলাকার শুন্যরেখায় নিয়ে গিয়েছিল তাদেরকে পাওয়া যায়নি।
