ঈশ্বরগঞ্জে লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে ১৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর ভ্রাম্যমাণ আদালত পুড়িয়ে ধ্বংস করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দভাকুরী গ্রামের কাঁচামাটিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি টিম। 

এ সময় জব্দের পর আনুমানিক এক লাখ টাকা বাজার মূল্যের ১৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া এসব অবৈধ জাল বিক্রির দায়ে এবং মৎস্য খাদ্যের লাইসেন্স নবায়ন না করার অপরাধে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর বাজারের ব্যবসায়ী লিটন মিয়াকে মৎস্য ও পশু খাদ্য আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, “নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের জন্যও ক্ষতিকর। অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। 

এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১৬টি চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এক ব্যবসায়ীর লাইসেন্স নবায়ন না করায় জরিমানা করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত