কেন দিবু মার্তিনেজ ম্যানইউয়ে যেতে চেয়েও পারলেন না

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে গিয়েও শেষ মুহূর্তে ভেস্তে গেল এমিলিয়ানো "দিবু" মার্তিনেজের চুক্তি। ট্রান্সফারটি আটকে যায় মূলত জ্যাডন স্যানচোর কারণে, যিনি অ্যাস্টন ভিলায় স্থায়ীভাবে যোগ দিতে রাজি হননি।

ইংলিশ গণমাধ্যম দ্য সান এবং সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষক ইতিমধ্যেই ম্যানইউর সঙ্গে ব্যক্তিগত শর্তে রাজি হয়েছিলেন। পরিকল্পনা ছিল সরাসরি অদলবদল—স্যানচো ও দিবুর মূল্য সমানভাবে ধরা হয়েছিল প্রায় ৩৫ মিলিয়ন ডলার। কিন্তু স্যানচো শুধু ধারে খেলতে চাইতেন, স্থায়ী চুক্তি চাননি। এ কারণে ভেস্তে যায় পুরো প্রক্রিয়া। শেষমেশ ইউনাইটেড বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে গোলরক্ষক সেনে ল্যামেন্সকে দলে টানে।

অ্যাস্টন ভিলায় টানাপোড়েন

দিবুর ভিলা ভবিষ্যৎ নিয়ে আগেই গুঞ্জন ছিল। ২০২৪ সালে নতুন চুক্তিতে তিনি সপ্তাহে প্রায় ২৭০,০০০ ডলার বেতনে দলে সবচেয়ে বেশি আয়কারী খেলোয়াড় হন। তবুও প্রতি ট্রান্সফার উইন্ডোতে তার নাম ঘিরে জল্পনা চলত। মে মাসে টটেনহ্যামের বিপক্ষে জয়ের পর তার আবেগঘন বিদায় ইঙ্গিত দিয়েছিল, তিনি হয়তো বিদায় নিতে চলেছেন।

ভিতরে ভিতরে কোচ উনাই এমেরির সঙ্গে সম্পর্কও শীতল। ক্রিস্টাল প্যালেস ম্যাচে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এমেরি, যিনি বলেছিলেন কেবল মনোযোগী ফুটবলারদের নিয়েই এগোবেন। মার্টিনেজ অবশ্য নিজের পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। এই দ্বন্দ্বেই শেষ ম্যাচে গোলপোস্ট সামলান মার্কো বিজোট।

পুরনো ক্ষোভ, নতুন প্রশ্ন

২০২৩ বিশ্বকাপের পর থেকে এমেরি ও দিবুর মধ্যে টানাপোড়েন চলছিল। গোল্ডেন গ্লাভস জেতার পর তার অঙ্গভঙ্গি, এমবাপ্পেকে ব্যঙ্গ করা, কিংবা আর্সেনালের বিপক্ষে ৪-২ গোল হারের ম্যাচে কর্নারে উঠে যাওয়া—এসব নিয়েই অসন্তুষ্ট ছিলেন এমেরি ও ভিলার কিছু কর্তাব্যক্তি। যদিও পেশাদার সম্পর্ক বজায় রেখেই গত আড়াই মৌসুম দলে সাফল্য এসেছে।

সামনে কী?

দিবু মার্তিনেজের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে অ্যাস্টন ভিলার ভেতরের স্থিতিশীলতার ওপর। আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আবারও হয়তো নতুন সুযোগ আসতে পারে। আপাতত তার মনোযোগ আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে। আগামী ৪ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে মনুমেন্টালে এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বে খেলবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত