সেপ্টেম্বরে ৩টি লঘুচাপের সঙ্গে নিম্নচাপের পূর্বাভাস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম

সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে  রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার বুলেটিনে সোমবার (০১ সেপ্টেম্বর) এক মাসের জন্য প্রকাশিত আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের  কোথাও কোথাও  তিন থেকে পাঁচ দিন বজ্রপাতসহ বজ্রবৃষ্টি হতে পারে । এছাড়া বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সেপ্টেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন তিন থেকে পাঁচ মিলিমিটার ও গড় উজ্জ্বল সূর্যকিরণকাল পাঁচ থেকে সাত ঘণ্টা থাকতে পারে।

এছাড়া মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত