টেন্ডুলকরকে 'ক্লাচ' কোহলিকে যে নামে ডাকলেন গম্ভীর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

দু’জনেই দিল্লির ছেলে। রাজ্য দলে একসঙ্গে খেলেছেন। পরে জাতীয় দলেও ছিলেন সতীর্থ। এখনও একজন খেলেন। অপর জন ভারতের প্রধান কোচ। ক্রিকেটার বিরাট কোহলির জন‍্য নতুন নাম দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। 

দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছিল গম্ভীরকে। ক্রিকেটে অবদানের জন্য গম্ভীরকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই তাঁর সতীর্থদের নামকরণ করতে বলা হয় গম্ভীরকে। কোহলির নাম ‘দেশি বয়’ দিয়েছেন গম্ভীর। যেহেতু দু’জনেই দিল্লির ছেলে, তাই কোহলির এই নাম রেখেছেন গম্ভীর।
খেলোয়াড় জীবন থেকেই কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক থাকাকালীন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গম্ভীরের সঙ্গে বিবাদ হয়েছে কোহলির। আবার লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীনও মাঠে কোহলির সঙ্গে ঝগড়া হয়েছে গম্ভীরের। তার জন্য জরিমানার মুখেও পড়তে হয়েছে দু’জনকে।

পরে গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর অবশ্য তিনি দাবি করেছেন, কোহলির সঙ্গে তাঁর বিবাদ মাঠের ভিতরে হয়েছে। মাঠের বাইরে কোহলির সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। কোহলিও গম্ভীরের সঙ্গে বিবাদ নিয়ে বিতর্ক বাড়াতে চাননি। তবে গত আইপিএলের সময় কোহলির টেস্ট থেকে অবসরের ঘোষণার জন্য অনেকে গম্ভীরকে দায়ী করেছেন।

কোহলির পাশাপাশি আরও অনেক সতীর্থের নাম দিয়েছেন গম্ভীর। যেমন শচিন টেন্ডুলকরকে 'ক্লাচ' বলে উল্লেখ করেছেন তিনি। জাসপ্রিত বুমরাকে ‘স্পিড’,  শুবমান গিলকে 'মোস্ট স্টাইলিশ প্লেয়ার', রাহুল দ্রাবিড়কে ‘মিস্টার কনসিসটেন্ট’, ভিভিএস লক্ষ্মণকে ‘রান মেশিন’, জাহির খানকে ‘ডেথ ওভার স্পেশালিস্ট’ ও রিশাভ পান্তকে ‘মোস্ট ফানি’ নাম দিয়েছেন গম্ভীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত