চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী রেলস্টেশনে প্লাটফর্মে থেঁতলে গেছে ইফতিখার (৪৭) নামে এক যাত্রীর পা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-দোহাজারী স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম ইফতিখার (৪৭)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী স্টেশনে পৌঁছায়। ইফতিখার (৪৭) এক যাত্রী ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসে যাচ্ছিলেন। পটিয়া স্টেশন অতিক্রম করার পর সাতকানিয়ার দায়িত্বরত মাস্টার তাকে দুর্ঘটনার বিষয়ে অবগত করে পা তুলে বসতে অনুরোধ জানান। কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে উল্টো মাস্টারের ওপর ক্ষেপে ওঠেন। পরে ট্রেনটি দোহাজারী অতিক্রম করার সময় প্লাটফর্মের সঙ্গে চাপ লেগে ওই যাত্রীর পা থেঁতলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি।
দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, পায়ে গুরুতর জখম নিয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, আহত যাত্রীর সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সতর্ক করে তিনি বলেন, ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের সতর্ক থাকা খুবই জরুরি। না হলে সামান্য অসতর্কতার কারণে অঙ্গহানি বা আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
