ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন ভন্দ্রোসোভা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ এএম

নিউইয়র্কে ইউএস ওপেনে বড় ধাক্কা খেল টেনিসপ্রেমীরা। ম্যাচ শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে হাঁটুর চোটের কারণে কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ালেন ২০২৩ উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোসোভা। তিনি এর আগেও হাত ও কাঁধের চোটে ভুগেছেন এবং দুইবার অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

এবারের ইউএস ওপেনে দুর্দান্ত খেলছিলেন ভন্দ্রোসোভা। চতুর্থ রাউন্ডে রাইবাকিনাকে হারিয়ে জায়গা করে নিয়েছিলেন শেষ আটে। কোয়ার্টার ফাইনালে চেক তারকার প্রতিপক্ষ ছিলেন বিশ্ব এক নম্বর আরিনা সাবালেঙ্কা। ভন্দ্রোসোভার নাম প্রত্যাহারের ফলে ওয়াকওভারে সেমিফাইনালে চলে গেলেন সাবালেঙ্কা। আগামী বৃহস্পতিবার তার প্রতিপক্ষ থাকবেন আমেরিকান জেসিকা পেগুলা।

ভন্দ্রোসোভার ছিটকে যাওয়া ভক্তদের জন্য বিরাট হতাশার। আর্থার অ্যাশ স্টেডিয়ামের রাতের সেশনের টিকিটের দাম শুরু হয়েছিল ৫০০ ডলার থেকে। কোর্টসাইড আসন বিক্রি হয়েছিল ২,০০০ ডলার পর্যন্ত। হঠাৎ বাতিল হওয়ায় দর্শকরা শুধু নোভাক জোকোভিচ বনাম টেইলর ফ্রিটজের ম্যাচটাই দেখতে পেরেছেন।

এক বিবৃতিতে ভন্দ্রোসোভা জানান, ‘খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু ওয়ার্ম-আপের সময় আবারও হাঁটুর ব্যথা অনুভব করি। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভক্তদের কাছে আমি দুঃখিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত