চবি শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ

চারদিন ধরে লাইফ সাপোর্টে ইমতিয়াজ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্কভিউতে গত চারদিন ধরে লাইফ সাপোর্টে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত  ইমতিয়াজ আহমেদ। তাঁকে আশঙ্কামুক্ত বলছে না চিকিৎসকেরা। 

আজ বুধবার দুপুরে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে কর্তৃপক্ষ। ইমতিয়াজ চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। 

গত রোববার গুরুতর আহত অবস্থায় তাকে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেদিনই তার অস্ত্রোপচার হয়। এরপরই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

আজ বুধবার বেলা ১টা পর্যন্ত ইমতিয়াজের অবস্থার উন্নতি হয়নি জানিয়েছেন চিকিৎসকেরা। ইমতিয়াজের গ্রামের বাড়ি কুমিল্লায়। তবে তাঁর পরিবার থাকে বগুড়ায়। 

ছেলে আহত হওয়ার খবর পেয়ে বগুড়া থেকে গত সোমবার চট্টগ্রামে ছুটে  আসেন তাঁর বাবা আমির হোসেন ও মা শাহনাজ। আইসিইউর সামনেই তাঁদের রাতদিন কাটছে। 

হাসপাতালটির এক চিকিৎসক জানান, ইমতিয়াজের কনশাস লেভেল (চেতনা) ৬/৭ এর মতো। স্বাভাবিক মানুষের কনশাস লেভেল ১৫। তবে ইমতিয়াজের  রক্তচাপ স্বাভাবিক রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ছেলে সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় আইসিইউর সামনে দিনরাত কাটাচ্ছেন ইমতিয়াজের বাবা আমির হোসেন ও মা শাহানাজ আমিন। 

ছেলের জন্য সবার দোয়া চেয়েছেন তারা। ‘আমার ছেলের জন্য সবায় দোয়া করবেন। তবে যারা তাকে কুপিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ বলেন ইমতিয়াজের মা শাহানাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত