৭৫ কোটি টাকার কর ফাঁকি

এস আলমের ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

এস আলমের কর্ণধার সাইফুল আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন-সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির, সাবেক উপকর কমিশনার আমিনুল ইসলাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তা। ব্যাংক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখা প্রধান মুহাম্মদ আমির হোসেন, প্রাক্তন এসএভিপি মো. আহসানুল হক, প্রাক্তন এসএভিপি রুহুল আবেদীন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন ও গাজী মুহাম্মদ ইয়াকুব।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ রয়েছে-আসামিরা পরস্পরের সহায়তায় জালিয়াতি ও ভুয়া পে-অর্ডারের মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন। তারা ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করতে ১২৫ কোটি টাকা কর দেওয়ার কথা থাকলেও মাত্র ৫০ কোটি টাকা জমা দেন। এতে সরকারের ৭৫ কোটি টাকা কর আয় বঞ্চিত হয়।

গত অক্টোবরে ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলমের দুই ছেলের আয়কর নথিতে বাড়তি সুবিধা দেওয়া এবং ঘুষ গ্রহণের অভিযোগে এনবিআর তিন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে দুদক সেই অভিযোগ অনুসন্ধান করে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিয়েছিল। এনবিআরের হিসাব অনুযায়ী, সাধারণ নিয়মে সর্বোচ্চ ২৫ শতাংশ করের হার প্রযোজ্য হলে আশরাফুল ও আসাদুলকে ৫০০ কোটি টাকার বিপরীতে কমপক্ষে ১২৫ কোটি টাকা কর দিতে হতো। কিন্তু তারা মাত্র ৫০ কোটি টাকা কর দিয়ে অর্থ সাদা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত