পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বৃহস্পতিবার সকালে প্রায় এক ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। সচিবের কার্যালয়েই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি বুধবার কক্সবাজারে গিয়ে রাতে ঢাকায় ফেরেন। এর মধ্যেই এনসিপি নেতাদের সঙ্গে তাঁর কক্সবাজার বৈঠক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হলে নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা গড়ে তোলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই আন্দোলনের প্রথম বার্ষিকী ৫ আগস্টে দলটির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারের হোটেল সি পার্লে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। বলা হয়, সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সঙ্গে ছিলেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এবং সারজিস আলমের স্ত্রীও। এ খবরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তবে ওয়াশিংটনের একটি সূত্র সে সময় জানায়, ওই দিন পিটার হাস আসলে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।

পিটার হাস বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালেও আলোচনার কেন্দ্রে ছিলেন প্রায় সবসময়। তিনি দায়িত্ব শেষ করে গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন এবং তিন দিন পর এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। এই বহুজাতিক কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বলেছিল, বাংলাদেশে ব্যবসা প্রসারে পিটার হাসের অভিজ্ঞতা কাজে লাগাতে তারা তাঁকে নিয়োগ দিয়েছে। ফলে অবসর নেওয়ার পরও তাঁর বাংলাদেশে আসা-যাওয়া অব্যাহত রয়েছে।

এপ্রিল মাসেও ঢাকা সফরে এসে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখানে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন।

সবশেষ এবার ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস। তাঁর এই সফর ও বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত