ত্রিশালে স্পিড ব্রেকারের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল-টু-বালিপাড়া সড়কে স্পিড ব্রেকারের দাবিতে স্থানীয় গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে।

নারী-পুরুষসহ প্রায় এক হাজার শ্রমিক এ আন্দোলনে অংশ নেন। অবরোধের কারণে এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শ্রমিকরা জানান, প্রতিদিন ত্রিশাল-টু-বালিপাড়া সড়ক দিয়ে অসংখ্য যানবাহন দ্রুতগতিতে চলাচল করে, যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বহুবার দাবী জানালেও এখনো স্পিড ব্রেকার স্থাপন করা হয়নি।

শ্রমিক মোজাম্মেল বলেন, “আমাদের জীবন নিয়ে কেউ ভাবছে না। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে আসতে হয়। দুর্ঘটনায় বহু সহকর্মী আহত হয়েছেন। তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে।”

জেওসি গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর সুসিং বলেন, “আমরা স্থানীয় ইউপি সদস্যসহ প্রশাসনের কাছে বারবার জানিয়েছি, কিন্তু এর কোনও প্রতিকার পাইনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “হাইওয়ে রোডে স্পিড ব্রেকার না থাকায় ঝুঁকি রয়েছে। এখানে গার্মেন্টসের শতশত শ্রমিকের আনাগোনা। তাই দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত