দীর্ঘ ৩২ বছরের কর্মজীবন শেষে কুমিল্লার চান্দিনা থানার সহকারী উপপরিদর্শক (নি.) মো. অহিদ উল্যাহকে রাজকীয়ভাবে বিদায় জানিয়েছেন সহকর্মীরা। ফুলে সজ্জিত গাড়িতে তাঁকে থানা থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা থানায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
মো. অহিদ উল্যাহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগ দেন। ২০০৪ সালে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হন। কর্মজীবনে চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন। অবসরের আগে নিজ এলাকায় অবস্থিত চান্দিনা থানায় কর্মরত ছিলেন।
বিদায়ী মুহূর্তে আবেগাপ্লুত অহিদ উল্যাহ বলেন, “বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এই ইউনিফর্ম আমার পরিচয়, আর মানুষের সেবা ছিল আমার অঙ্গীকার। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমার জীবনের বড় প্রাপ্তি।”
চান্দিনা থানার ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, “মো. অহিদ উল্যাহ একজন সৎ, বিনয়ী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর পেশাদারিত্ব এবং আচরণ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
হাজীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা