টেকনাফের বাহারছড়ায় কৃষি কাজ করতে যাওয়া প্রতিবন্ধী কিশোরসহ তিনজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালামের ছেলে সুলতান আহমেদ (৩২), আবুল মনজুরের ছেলে রাহামত উল্লাহ(১৫) ও আব্দুল্লাহ ছেলে মো. আলী(৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাহারছড়া পাহাড়ি এলাকায় কৃষি কাজ করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীরা মো. আলীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। একই দিনে দুই ঘণ্টার ব্যবধানে বাহারছড়া চৌকিদার পাড়ার প্রতিবন্ধী কিশোর রাহামত উল্লাহকে ক্ষেতে যাওয়ার সময় অপহরণ করা হয়। দুপুর ১২টার দিকে পানের বরজে কাজ করার সময় সুলতান আহাম্মদ নামে আরেকজনকেও ধরে নিয়ে যায়।
অপহৃত ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি। তবে মুক্তিপণের টাকার জন্য অপহৃত ভিকটিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে জানা গেছে ।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস জানান, তিনজন ব্যক্তি কৃষি কাজ করতে গিয়ে অজ্ঞাত পাহাড়ী সশস্ত্রবাহিনীর হাতে অপহরণ হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছি। পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
