পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শই মানবজাতির জন্য ন্যায়, সত্য ও সৎ জীবনের অনুকরণীয় পথপ্রদর্শক।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী শুধু নবীজির (সা.) দুনিয়ায় আগমনের আনন্দের দিন নয়; বরং তার জীবন ও শিক্ষা থেকে আলোকিত হওয়ারও বিশেষ উপলক্ষ। মহানবী মানবজাতিকে পরিশুদ্ধ করেছেন, কোরআনের দিকনির্দেশনা দিয়েছেন, কর্মের শিক্ষা দিয়েছেন এবং দুনিয়ার সর্বোত্তম মানবিক আদর্শ প্রতিষ্ঠা করেছেন।
তারেক রহমান উল্লেখ করেন, নবীজির (সা.) আবির্ভাব মানব ইতিহাসের অন্ধকার যুগকে আলোকিত যুগে রূপান্তরিত করেছে। কুসংস্কার, অন্যায়, বৈষম্য, নিপীড়ন আর বিশৃঙ্খলার ভেতর থেকে তিনি মানবতাকে মুক্তির দিশা দেখিয়েছেন। এজন্যই তিনি মানবতার মুক্তিদাতা, শান্তি ও কল্যাণের দূত।
তিনি বলেন, রাসুলের (সা.) পথেই মানুষ খুঁজে পায় ন্যায়, সততা, মহানুভবতা, সহিষ্ণুতা, পরিশ্রম, দৃঢ়তা, সাহস ও তওহিদের প্রতি অটল বিশ্বাসের চিরন্তন উদাহরণ। কঠিন দুঃখ-যন্ত্রণার মধ্য দিয়েও নবীজী আল্লাহর বাণী প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, নারী ও শিশুদের মর্যাদা, ক্ষমাশীলতা ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। এ কারণেই তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানব।
বার্তায় তিনি দোয়া করে বলেন, মহানবীর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহান বার্তা যেন আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে বাস্তবায়িত হয়। তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের ও বিশ্বের সব মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
