ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে প্রার্থী আব্দুল কাদেরের জন্য দোয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কাদেরের সাহস, সংগ্রাম ও নেতৃত্বের স্মৃতি তুলে ধরেন।
আখতার হোসেন লেখেন, তিনি ও আব্দুল কাদের একসঙ্গে রাজনৈতিক আন্দোলনের সময় জেল খেটেছেন। ২০২২ সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার পর আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। সেই কঠিন সময়েও আব্দুল কাদের দৃঢ় অবস্থান নিয়েছিলেন, বয়সে ছোট হলেও তিনি আখতারকে সাহস জুগিয়েছিলেন।
পোস্টে আখতার উল্লেখ করেন, “কাদের আমাকে বলেছিল, এই জুলুম একদিন শেষ হবে, হাসিনার পতন হবে, আমরা তা দেখব।” তিনি লিখেছেন, ক্যাম্পাস জীবনে হুমকি-ধমকি উপেক্ষা করে কাদের সবসময় প্রতিবাদে সক্রিয় থেকেছেন, যেখানে অন্যরা নিরাপদ দূরত্বে থেকেছে, সেখানে তিনি সামনের সারিতে লড়েছেন।
আখতার আরও জানান, গত বছরের অভ্যুত্থানকালে আট দফার আন্দোলন স্তিমিত হয়ে পড়লে কাদের সাহসের সঙ্গে নয় দফা দাবি দিয়ে আন্দোলনকে নতুন পথে নিয়ে গিয়েছিল, যা পরে এক দফার আন্দোলনের দিকে এগিয়ে দেয়। ৫ আগস্টের বিজয়ের পরও কাদের ক্যাম্পাসের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত থেকেছে।
নিজের কথা উল্লেখ করে আখতার লেখেন, ২০১৯ সালের ডাকসুর পর ছাত্রাবস্থায় আরেকবার ভিপি পদে নির্বাচনের ইচ্ছা ছিল তার, কিন্তু ২০২৫ সালে ডাকসু নির্বাচনের সময় তিনি ক্যাম্পাসে নেই। তাই এইবার কাদেরের প্রার্থিতা দেখে তিনি দোয়া করছেন তার জন্য।
পোস্টের শেষে আখতার লিখেছেন, “কাদেরের জন্য অনেক দোয়া রইল। ফি আমানিল্লাহ।”
