‘ভেবেছিলাম আর বিশ্বকাপ খেলব না, কিন্তু এখন উৎসাহ পাচ্ছি’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা- সেই প্রশ্ন বহুদিন ধরেই উঠছে। স্বয়ং মেসিকেও বহুবার এই প্রশ্ন করা হয়েছে, কিন্তু জবাব আসেনি। এবার ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে ম্যাচ জিতিয়ে আর্জেন্টিনার মহাতারকা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে।

বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে সন্তানদের হাত ধরে মাঠে নামেন মেসি। গ্যালারির গর্জনে ভেসে যাচ্ছিল আকাশ, সমর্থকদের চোখেমুখে বিদায়ের আবেগ। জাতীয় সংগীতের সময় চোখের জল আটকাতে পারেননি ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার। কাঁদছিলেন অসংখ্য দর্শক-সমর্থকেরাও। এরপর জোড়া গোলে বিদায়ের মুহূর্তটিকে স্বপ্নের মতো সাজান মেসি।

ম্যাচের শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এটা খুব আবেগময় মুহূর্ত। এই মাঠে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আর্জেন্টিনায় আমাদের জনগণের সাথে খেলা সবসময়ই আনন্দের। আমরা বহু বছর ধরে একের পর এক ম্যাচ উপভোগ করে আসছি। আমি খুব খুশি। এখানে এভাবে শেষ করতে পারাটাই আমার স্বপ্ন ছিল। বার্সেলোনায় আমি বহু বছর ধরে ভালোবাসা পেয়েছি, স্বপ্ন ছিল আমার দেশের জনগনের থেকেও এটা পাব। বহু বছর ধরে অনেক কথাই হয়েছে, তবে আমি সবসময় ভালোর সাথি থাকব।’

এরপরই ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে মুখ খোলেন মেসি, ‘আগে যেমনটা বলেছিলাম যে, মনে হয় না আর বিশ্বকাপে খেলব। সবচেয়ে যুক্তিসঙ্গত বিষয় হলো, বয়সের কারণেই আমি খেলতে পারব না। তবে এখন আমরা (বিশ্বকাপের) প্রায় কাছাকাছি চলে এসেছি, তাই বিশ্বকাপ খেলার উৎসাহ আর উত্তেজনা কাজ করছে। আমি সবসময় বলি— প্রতিদিনের হিসেব করে আমি চলি। প্রতিটি ম্যাচ ধরে আমি এগিয়ে যাই।’

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের এই মহানায়ক আরও বলেন, ‘সবসময় চেষ্টা করি নিজের প্রতি সৎ থাকতে। যখন ভালো অনুভব করি, খেলা উপভোগ করি। আর যখন করি না, তখন সত্যিই ভালো লাগে না। তাই যদি ভালো না লাগে, তবে (খেলাটিতে) থাকতে চাই না। এখনো বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। এই মৌসুম শেষ করব, তারপর প্রস্তুতি নেব। এরপর ছয় মাস হাতে থাকবে। আশা করি ভালো প্রস্তুতি নিয়ে এমএলএস মৌসুম শেষ করতে পারব, আর তারপর সিদ্ধান্ত নেব।’

আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই কিংবদন্তি ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপে অভিষিক্ত হয়েছিলেন। ২০১৪ সালের ফাইনালে হৃদয় ভাঙার পর ২০২২ সালে কাতারে হয়েছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ বাছাইপর্বে নামলেও শেষ ম্যাচে নামবেন না বলে নিশ্চিত করেছেন মেসি। তবে তাকে ছাড়াই ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত