ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাছবোঝাই পিকআপ ভ্যানের চাপায় ধন মিয়া নামে ৭৫ বছলের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধন মিয়া উপজেলার নবীন মেরকুটা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওৃসি) শাহিনুর ইসলাম জানান, সকালে মাছবোঝাই পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বটতলী বাসস্ট্যান্ড এলাকা দিয়ে পার হচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ধন মিয়াকে চাপা দিয়ে পাশে খালে পড়ে যায়। এতে ধন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহিনুর ইসলাম।
