নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল, কমে যাচ্ছে স্মৃতিশক্তি: রাশেদ খান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি আরও বলেন, কমে যাচ্ছে নুরুল হক নুরের স্মৃতিশক্তি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাশেদ খাঁন বলেন, সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি নুরুল হক নুরকে দেখতে এলে তিনি ঘুমাচ্ছিলেন। সাড়ে বারোটা নাগাদ নুর ঘুম থেকে উঠে বসতে গেলে কাশির সঙ্গে তার রক্তক্ষরণ হয়। এর আগেও তার নাক দিয়ে রক্ত পড়ার কথা জানানো হয়েছিল। এখনও তার অবস্থার কোনো উন্নতি হয়নি।

তিনি আরও বলেন, নুরুল হক নুর শর্ট টাইম মেমোরি লসে ভুগছেন। তিনি কথা বলতে গিয়ে সম্পূর্ণ করতে পারছেন না, অনেক সময় অগোছালোভাবে বলছেন। ওষুধ খাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ভুলে যাচ্ছেন তিনি ওষুধ খেয়েছেন কি না। কথার মাঝেই তিনি ঘুমিয়ে পড়ছেন। পরিবারের সদস্য ও নার্সরা জানিয়েছেন, তিনি শক্ত খাবার খেতে পারছেন না, দাঁড়াতেও পারছেন না এবং শরীরের ভারসাম্য ধরে রাখতে পারছেন না।

নুরের শারীরিক জটিলতা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তার চোয়াল ও নাকের হাড় ভাঙা। তার সর্দি বেড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত নাজুক।

সরকারের প্রতিশ্রুতির প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে নুর বিদেশে চিকিৎসা নিতে না পারেন। তারা চায় না নুর সুস্থ হয়ে উঠুক।

তিনি আরও অভিযোগ করেন, নুর এই প্রজন্মের জনপ্রিয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা দেশবাসী দেখেছে। এখন তাকে টার্গেট করা হয়েছে। নুরকে দিয়ে শুরু হয়েছে, এরপর একে একে অন্যান্য আগ্রাসনবিরোধী নেতাদেরও এভাবে আঘাত করে আইসিইউতে পাঠানো হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত