বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিল খন্দকার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
নিহত শাকিল খন্দকার (৪০) বগুড়া শহরের ছিলিমপুর মিয়াপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাকিল খন্দকারের সঙ্গে স্থানীয় শামিম ও পলাশের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলকে তার আত্মীয় সুজন ডেকে নেয় তেলিপুকুর গ্যাসপাম্পের পেছনের এলাকায়। সেখানে গেলে পলাশ ও শামিম তার কয়েকজন সহযোগী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে আঘাত করে তারা পালিয়ে যান। রাতে শাকিলের সন্ধান না পেয়ে তারা পুলিশকে জানায়। পরে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তেলিপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিলয় ও রাতুলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
