ভিপি প্রার্থী উমামা ফাতেমা

ডাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর ছাত্রীদের ভোট

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রীদের ভোটই হবে একটি বড় ফ্যাক্টর বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডাকসুতে ছাত্রীদের ভোটেই কি ফল নির্ধারিত হবে, এমন প্রশ্নে উমামা ফাতেমা বলেন, মেয়েরা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হয় না। মেয়েদের একটা যুক্তিসংগত চিন্তা থাকে। স্বাধীনচেতা হয়ে ছাত্রীরা ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ফলে এবার ৪৭ শতাংশ ছাত্রী ভোটার আসলে কোথায় ভোট দিচ্ছে, সেটির ওপর নির্ভর করবে ডাকসুর গতিমুখ।

তিনি বলেন, আমি মনে করি, মেয়েরাই এবার ডাকসুতে ব্যবধান গড়ে দেওয়ার বড় ফ্যাক্টর।

মেয়েদের ভোটকেন্দ্রে আনার চ্যালেঞ্জ উল্লেখ করে উমামা ফাতেমা বলেন, মেয়েদের ভোটে আনার প্রথম চ্যালেঞ্জ হলো অনেকেই বাসায় চলে গেছেন। অনেকের আবার পরীক্ষার প্রস্তুতি ছুটি চলছে। আবার অনেকে ডাকসুকে শুধুই রাজনৈতিক প্ল্যাটফরম হিসেবে চিন্তা করে। এ জন্য মেয়েদের মধ্যে ভোট দিতে অনাগ্রহ কাজ করে।

তিনি আরো বলেন, আবার অনেকের পরিবার থেকে ফোন করে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি মেয়েদের ভোটকেন্দ্রে আনা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার মেয়েদের ভোটকেন্দ্র হল থেকে দূরে দূরে রাখা হয়েছে। এতে ভোটারদের মধ্যে আগ্রহ কমবে।

ডাকসুর এই ভিপি প্রার্থী বলেন, মেয়েরা সবাই যদি ভোট দিতে আসে, তাহলে ভোটার অংশগ্রহণ ৩৫ হাজারের বেশি হয়ে যাবে। আমরা আশা করি, মেয়েরা গণহারে ভোট দিতে আসবে। আমরা তাদের উৎসাহিত করছি।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। যার মধ্যে ছাত্রী ভোটার রয়েছে ১৮ হাজার ৯৫৯ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত