রাজধানীতে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

গত শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার বিকাল আনুমানিক ৪টায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। 

গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক।

গ্রেফতারকৃত সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া  তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুইটি বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নানাভাবে সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন করত এবং মিছিলে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণসহ তাদের আর্থিক সহায়তা দিয়ে আসছিলো। 

তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তেজগাঁওয়ের ঝটিকা মিছিলে বোরকা পরে সে নিজে তার স্বামীসহ অংশগ্রহণ করে। 

এ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আরও নয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত