৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ প্রত্যাহার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সাত ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেয় তারা। তবে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় গাড়ির চাপ বেড়ে যায়। এতে মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীর গতিতে ।

এর আগে সকাল ১০টার দিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো এলাকায় সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের ব্যানারে অবরোধ এ কর্মসূচি শুরু হয়।  

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো এলাকায় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। প্রায় ৭ ঘণ্টা পর মহাসড়কের উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে  কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। পরে উনার আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত