সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় ফরিদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি দক্ষিণ সুরমার নৈখাই গ্রামে। আজ রবিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ মিয়া দুপুরে উপজেলা কমপ্লেক্স এলাকায় গরু চড়াতে নিয়ে যান। বেলা ২টার দিকে ইউএনও উর্মি রায়কে বহনকারী সরকারি গাড়ি উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশের সময় ফরিদ মিয়াকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদ মিয়ার ভাই শরিফ মিয়া জানান, গাড়ির ধাক্কায় তার ভাইয়ের মাথায় গুরুতর জখম হয় এবং হাত ভেঙে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি চালককে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) তবারক হোসেন।
তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করা হয়েছে।
