চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত জিহাদ হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ হোসেন (১৬) উপজেলার পাটাচোরা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ও পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতেন স্বজনরা জানায়, রবিবার জিহাদ হোসেন মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল। দর্শনা-মুজিবনগর সড়কে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলেন সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিহাদ ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রামেক হাসপাতালে রেফার্ড করেন। সোমবার ভোর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
