বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল) ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে আজ এক সংবাসদ সম্মেলনে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি দলের পরিকল্পনা, মেসির উপস্থিতি, নিজের চুক্তি নবায়ন ও প্রতিপক্ষকে কথা বলেছেন
মেসিকে নিয়ে
“বিশ্বকাপ নিয়ে লিওর (মেসি) সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। ওকে সময় নিতে হবে, শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে—এইটুকুই জানি। এটা ওর প্রাপ্যও বটে। তাকে একা থাকতে দিতে হবে,” বলেন স্কালোনি।
ইকুয়েডরকে নিয়ে সতর্কতা
“ইকুয়েডর দারুণ খেলছে। তাদের দলে দুর্দান্ত সব ফুটবলার আছে। আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। কুটি ও লিও নেই, তাই কিছু পরিবর্তন করতেই হবে। আরও কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে চাই, যারা কম খেলেছে তারাও প্রমাণের সুযোগ পাওয়ার দাবিদার,” যোগ করেন আর্জেন্টাইন কোচ।
ওতামেন্দি অধিনায়ক
“লিও না থাকায় কাল ওটামেন্ডিই নেতৃত্ব দেবে। তার অবদান শুধু মাঠেই নয়, পুরো গ্রুপের জন্য বিরাট। আর্জেন্টিনা জার্সির প্রতি যে দায়বদ্ধতা সে দেখিয়েছে, তা তাকে ঐতিহাসিকদের কাতারে নিয়ে গেছে,” বলেন স্কালোনি।
লাউতারো ও দলীয় পরিকল্পনা
“লাউতারো আগামীকাল খেলবে, কোন সিস্টেমে খেলবে সেটা দেখা যাবে। কিছুটা ভারসাম্য রাখতে হবে। সবাইকে খেলানো সম্ভব নয়, কারণ দলে মাত্র ১১ জন জায়গা পায়,” জানান তিনি।
প্রতিপক্ষ ও বিশ্বকাপ প্রসঙ্গ
“স্পেন দারুণ ফুটবল খেলছে, লুইস (এনরিকে) দারুণ কাজ করছে। তবে বিশ্বকাপের সময় আসল চ্যালেঞ্জ বোঝা যাবে। আর ইকুয়েডরকে নিয়ে আমি সবকিছু নিয়েই চিন্তিত, কারণ তারা এখন বিশ্বের অন্যতম সেরা দল হয়ে উঠেছে,” মন্তব্য করেন আর্জেন্টিনার কোচ।
নিজের ভবিষ্যৎ ও চুক্তি নবায়ন
স্কালোনি বলেন, “আমার এখন শুধু বর্তমানেই মনোযোগ। সভাপতির (টাপিয়া) সঙ্গে সম্পর্ক দারুণ। প্রয়োজন হলে বসে কথা বলব। তবে আমার ফোকাস অন্যদিকে।”
