হালকা বৃষ্টির কারণে আজ ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ অবস্থায় রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার ৪৫ মিনিটে ৯৩ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে দূষণে শীর্ষ শহরগুলোর তালিকার ৩৩তম স্থানে অবস্থান করছে ঢাকা।
একই সময় ১২৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া উগান্ডার রাজধানী কামপালা ১২০ স্কোর নিয়ে দ্বিতীয়, সৌদি আরবের রাজধানী রিয়াদ ১১৫ স্কোর নিয়ে তৃতীয়, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ১১২ স্কোর নিয়ে চতুর্থ ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর ১১২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
