ইসরায়েলের জাতীয় সঙ্গীতের সময় পিঠ দেখালেন ইতালির সমর্থকেরা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম

গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ল বিশ্বকাপ বাছাইপর্বের স্টেডিয়ামেও। গতকাল সোমবার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত ইসরায়েল-ইতালি ম্যাচে ইতালির সমর্থকদের ব্যতিক্রমী প্রতিবাদ করতে দেখা যায়। রুদ্ধশ্বাস ম্যাচটিতে ৫-৪ গোলে জিতেছে ইতালি।

এদিন ম্যাচ শুরুর আগে ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’ বাজানোর সময় ডজনখানেক ইতালীয় সমর্থক মাঠের দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তারা লাল ‘স্টপ’ চিহ্ন অঙ্কিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যাতে লেখা ছিল ‘STOP’। সমর্থকদের এই দলটি ম্যাচের প্রথমার্ধে ফ্যাসিবাদ বিরোধী একটি গানও গেয়েছিল। ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’ বাজানোর সময় ইতালীয় সমর্থকরা মাঠের দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন।

এটাই প্রথম নয়, গত বছর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে একই ধরনের বিক্ষোভ করেছিলেন ইতালীয় সমর্থকেরা। সেদিনও জাতীয় সংগীত চলাকালে তারা পিঠ ফিরিয়ে দাঁড়ান এবং দর্শকসারিতে ‘ইসরায়েল, ইসরায়েল’ স্লোগান উঠলে শিস ও অশোভন ভঙ্গি করেন। ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) তখন ইতালির প্রতিনিধিদের সতর্ক করে সমর্থকদের শান্ত করতে বলেছিল।

চলতি বছরের শুরুর দিকে ইতালির কোচদের সংগঠন (এআইএসি) ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফাইজিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, ‘প্রায় দুই বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে, তার প্রেক্ষিতে এটি কেবল প্রতীকী নয়, নৈতিক দায়িত্বও বটে।’

বিশ্বজুড়ে বিভিন্ন অঙ্গনে ইসরায়েলকে বয়কট করার আহ্বান যেমন বাড়ছে, তেমনি ক্রীড়াঙ্গনেও সেই চাপ দেখা যাচ্ছে। ডেব্রেসেনের বিক্ষোভ তারই সর্বশেষ উদাহরণ, যা ফুটবল মাঠ ছাড়িয়ে বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনের প্রতিফলন হিসেবেই ধরা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত