প্রচারণাপত্র বিতরণ নিয়ে নারী শিক্ষার্থীদের সাথে আবিদুলের ‘বাক-বিতন্ডা’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে। তবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান এবং কয়েকজন নারী শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা লক্ষ্য করা গেছে।

সামসুর নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিতে আসার সময় একজন কর্মী প্রচারণাপত্র বিতরণ করলে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রশ্ন তোলেন, “আজ প্রচারণাপত্র কেন দেওয়া হচ্ছে? আজ এটা দেওয়ার সময় নয়।”

এ সময় আবিদুল বলেন, “শিক্ষার্থীরা এতগুলো প্রার্থীর নাম মনে রাখবে কিভাবে?” এরপর তিনি তার কর্মীকে জানান, বিতরণ চালিয়ে যেতে, তিনি প্রশাসনের সঙ্গে বিষয়টি সমাধান করছেন। পরে আরেকজন শিক্ষার্থী একই রকম প্রতিক্রিয়া দেখান।

এর আগে ভোটগ্রহণ চলাকালীন আবিদুল ইসলাম খান নিয়ম ভেঙে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী, ভোট চলাকালীন কোনো প্রার্থী কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারেন না। 

আবিদুল বলেন, কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্য কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছিল না, বরং নির্বাচন পরিচালনায় কতটা সমস্যা রয়েছে তা দেখাতে এসেছেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানিয়েছেন, “প্রার্থীদের কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি নেই। আমি নিজে জহুরুল হকের কেন্দ্রে উপস্থিত ছিলাম। ওই সময়ের ঘটনা জানি না, খোঁজ নিয়ে দেখছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত