নরসিংদীর রায়পুরায় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বাড়িতে হামলা চালিয়ে দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় জাকির মিয়া ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় নাহিম মিয়া নামে এক শিক্ষার্থী গুলিতে আহত হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া (৪৫) ওই এলাকার আব্দুল মালেকের ছেলে ও পেশায় কৃষক। আহত নাহিম মিয়া (১৪) একই এলাকার বেলাল সরকারের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার সমীবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি মেম্বার খোকা আলম ও জাকির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে জাকির মিয়া ও তার অনুসারীরা খোকা আলমের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
চরমধুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান শিকদার জানান, রাতে কোনো কারণ ছাড়াই সাবেক ইউপি সদস্য খোকা আলমের বাড়িতে অতর্কিত হামলা চালায় স্থানীয় জাকির মিয়া ও তার অনুসারীরা। এ সময় জাকিরের পক্ষ নিয়ে হামলায় যোগ দেন আবির মেম্বার। তাদের ছোড়া গুলিতে খোকা আলম পক্ষের দুলালসহ দুজন আহত হন। পরে দুলালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
