ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইনে বদলি করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, সোমবার রাত ২টার দিকে মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করা হয়। কার্ডটিতে লেখা ছিল- ‘শুভকামনা ২১, ১৭, ০৮’। এই তিনটি নম্বর ছিল ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও ক্ষোভ দেখা দেয়।
তবে ওসি মোজাফফর হোসেন দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে তার নামে ওই পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
