মুন্সীগঞ্জের সিরাজদীখানে অস্ত্রের মুখে জিম্মি করে পৃথক দুটি অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা লুটে নিয়েছে ডাকাতদল।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ৭-৮ জনের একটি ডাকাতদল পলাশপুর বাজারের আবুল হোসেন ও আনাউল্লাহর অটোরকিশা গ্যারেজে হানা দেয়। এ সময় গ্যারেজের শ্রমিক শাকিলকে বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে প্রথমে আবুল হোসেনের গ্যারেজ থেকে ৩টি ও পরে আনাউল্লাহর গ্যারেজ থেকে আরও তিনটি অটোরিকশা লুটে নিয়ে চম্পট দেয় ডাকাতদলটি।
গ্যারেজ মালিক আবুল হোসেন বলেন, প্রতিদিনের জীবিকার ভরসা ছিল গ্যারেজ। কিন্তু গ্যারেজ থেকে অটোরিকশা লুটে নিয়ে এখন আমার সব শেষ হয়ে গেল।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশা উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
